নওগাঁর সাপাহার সীমান্তে এক বিজিবি সদস্য তার নিজের অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। আত্মত্যাকারী বিজিবি সদস্য ১৬ বিজিবি ব্যাটালিয়নের সাপাহার উপজেলার সুন্দরইল বিজিবি ক্যাম্পে কর্মরত সিপাহী তানভীর (২৬) বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ভোরে ওই সিপাহী সবার অজান্তে ক্যাম্প অভ্যন্তরে নিজের নিকট থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে আত্মহত্যার চেষ্টা করে। ওই দিন সকাল ৭টার দিকে বিজিবির অন্য সদ্যস্যরা আহত অবস্থায় তানভীরকে সাপাহার হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গাড়িতে কিছু দূর যাওয়ার পর বিজিবি সদস্য তানভীরের অবস্থা আশঙ্কাজনক হলে পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি সদস্যরা পুনরায় তাকে সাপাহার হাসপাতালে ফেরত নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: আবু হানিফ তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে ও লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে কি কারণে ওই বিজিবি সদস্যের আত্মহত্যার ঘটনা সংঘটিত হয়েছে তা জানা যায়নি।
অত্মত্যাকারী বিজিবির সিপাহী তানভীর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের শেখ আরজুনুর রহমানের ছেলে বলে জানা গেছে।