খুলনার পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ জীবন সরদার (২৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে জীবনকে গ্রেফতার করা হয়।

জীবন সরদার উপজেলার মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে।

তার নামে দুটি গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া পাইকগাছা থানায় তার নামে চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ আরো ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারকালে পুলিশের জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অস্ত্রের কথা স্বীকার করেন জীবন। এরপর তার দেয়া তথ্যমতে পুলিশ ওই দিন রাতে মৌখালীতে তার বাড়ির পাশের তেঁতুল গাছের নীচে ঝোঁপের মধ্য থেকে দেশীয় একটি একনলা বন্ধুক ও বন্দুকের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

এ ব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান জানান, সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন যাবত তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে বৃহস্পতিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হলো। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।