নওগাঁর মান্দায় প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় সালাউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। তিনি স্থানীয় একটি কমিউনিটি হেলথ কেয়ারের প্রভাইডার।

বৃহস্পতিবার রাতে উপজেলার নুরুল্যাবাদ ইউপির কদমতলী গ্রামের সৌদি প্রবাসী আবদুস সামাদ মন্ডলের স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সালাউদ্দিন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও তিনি আরো দুই বার এরকম ঘটনা ঘটিয়েছেন। তবে প্রতিবারই ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন মহলের হস্তক্ষেপ ও তদবিরে পার পেয়ে যান তিনি।

সরকারি চাকরি করলেও সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বার বার অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন সালাউদ্দিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় পার পেয়ে যাচ্ছেন তিনি। এ ঘটনায় স্থানীয়রা তার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

স্থানীয়রা আরো জানান, তিনি যে সরকারি ক্লিনিকে চাকরি করেন, সেখানে সেবা নিতে আসা সুন্দরী নারীদের কুপ্রস্তাব দিয়ে থাকেন। এছাড়াও প্রেসার মাপার নামে অনেক নারী রোগীর শরীরের নানা স্পর্শকাতর স্থানে জোরপূর্বক স্পর্শ করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় জানান, এরকম কোনো অভিযোগ পায়নি। তবে এ বিষয়ে ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তার (সালাউদ্দিনের) ব্যক্তিগত বিষয়। তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

ইতোমধ্যে ওই নারী সালাউদ্দিনের বিরুদ্ধ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।