সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন।
শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজুলপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়। এ সময় ১০ জন আহত হয়েছে। এছাড়া সকালে শ্যামনগরের আটুলিয়া এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামের মো: আব্দুল মাজেদ মোড়লের ছেলে মাহবুবুর রহমান ওরফে বাবু (৫০) ও শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামের দেবনাথ রপ্তানের স্ত্রী স্কুলশিক্ষক রীতা রানী রপ্তান (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া ঢাকা গামী স্বপ্নীল পরিবহনের একটি বাস দুপুর ১টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা-যশোর মহাসড়কের তুজুলপুর এলাকায় একটি ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও বাসের কমপক্ষে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সামেক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বেলা ১টার দিকে মারা যান বাসযাত্রী মাহবুবুর রহমান বাবু।
আহত অন্যরা হলেন, ভ্যানচালক সদর উপজেলার সুপারীঘাটা গ্রামের কার্তিক দাস (২৮), আশাশুনির প্রতাপনগরের শামীম হোসেন (২৯), সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার খোকন সরদারের ছেলে সোলাইমান হোসেন (২৫), রইচপুর এলাকার রজব আলীর ছেলে ফারুক রহমানসহ কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে বাবু নামের একজন মারা গেছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ইব্রাহিম হোসেন কৌশলে পালিয়ে গেছে।
অপরদিকে, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ জানান, স্কুলশিক্ষক রীতা রানী রপ্তান শ্যামনগরের ১৮৫ নং সাপেরদুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। শনিবার সকালে তিনি তার স্বামী দেবনাথ রপ্তানের মোটরসাইকেলে বড়কুপট গ্রাম থেকে স্কুলে যাচ্ছিলেন। আটুলিয়া এলাকায় তার গায়ের ওড়না মোটরসাইকেলের চাকায় পেচিয়ে গেলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা রিতা রানীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি ইউডি মামলা নিয়ে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।



