ঠাকুরগাঁওয়ে কাঠবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে নীরব রায় (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নের রুহিয়া রোডের কাশিডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু নীরব রায় আকচা তাতীপাড়া (ভবানীপাড়া) গ্রামের নরোত্তম রায়ের ছেলে ও স্থানীয় ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।
নীরব রায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিটিতে আগুন ধরিয়ে দিলে তার চাকা ও ইঞ্জিন আগুনে পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাইসাইকেল চালিয়ে কাঠবোঝাই ট্রলির পেছন পেছন যাচ্ছিলেন নীরব। এ সময় ট্রলিটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে শিশু নীরব চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। ঘটনার পর ট্রলি রেখে পালিয়ে যান তার চালক। পরে পুলিশ এসে লাশ ও আগুনে পুড়ে যাওয়া ট্রলিটি উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রলির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, গাড়িটি জব্দ
করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



