নীলফামারীর সৈয়দপুরে দৈনিক প্রতিদিনের সংবাদের সাংবাদিক জহুরল ইসলাম খোকনকে হত্যাচেষ্টা করেছে এক মাদকসেবী। ধারালো ছোরা নিয়ে হঠাৎ হামলা চালায় সে।
সোমবার সকাল ১১টায় শহরের বাঙ্গালীপুর নিজবাড়ী এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে।
জহুরল ইসলাম খোকন বলেন, গতকাল রোববার বিকেলে এলাকার কবির স্টোরের সামনে কয়েকজন আলাপ করছিল যে, এলাকার সর্দারপাড়ার মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ে বেদম মারপিট খেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমি মন্তব্য করি যে, ছেলেটা মাদকাসক্ত হওয়ায় চুরিসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে। এর ফলে ওর বাবা ভালো মানুষ হয়েও মান সম্মান নিয়ে বিপাকে পড়েছে।
‘এমতাবস্থায় সোমবার সকালে পেশাগত কাজে সৈয়দপুর প্রেসক্লাবের উদ্দেশ্যে আসার পথে আমার মোবাইল নম্বরে একটি কল আসে। ফোনের অপরপ্রান্ত থেকে আব্দুর রাজ্জাক অকথ্য ভাষায় গালাগালি করাসহ আমার দেখা পাইলে মজা বুঝিয়ে দিবে। এসময় সে নানা হুমকি দিতে থাকে।’
‘এর কিছুক্ষণ পরেই এলাকার মনসুর পান দোকানের সামনে পৌঁছামাত্রই আব্দুর রাজ্জাক একটি ধারালো বড় ছোরা নিয়ে আকস্মিকভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি দ্রুত সরে যাওয়ায় আঘাতটি শরীরে লাগেনি। ইতোমধ্যে দোকানে উপস্থিত এলাকার অনেকে এগিয়ে এসে তাকে প্রতিহত করে ‘
তিনি বলেন, ওই ঘটনার পর সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের পরামর্শে এ ব্যাপারে আইনি পদক্ষেপ হিসেবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। কারণ সে মাদকাসক্ত ও দুষ্কৃতিকারী। ভবিষ্যতে আবারোও এমন ঘটনার অবতারনা করতে পারে। তাই নিরাপত্তার জন্য প্রশাসনকে অবগত করে রাখলাম।






