গাজীপুরে মাদক সেবনের আসরে আনন্দ করার সময় প্রতিপক্ষের চাপাতির আঘাতে দুই যুবক আহত হয়েছে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এক যুবক মারা গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
নিহত ওই যুবকের নাম ফজলুল হক (৩০)। তিনি গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকার আব্দুল আজিজের ছেলে।
জিএমপির সদর থানার ওসি রফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাতে মহানগরীর ভোড়া মধ্যপাড়া এলাকার একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যায় রিপন লস্করসহ কয়েক যুবক। ওই অনুষ্ঠান থেকে ফেরার পথে তারা স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবন করেন। মাদক সেবনের ওই আসরে যুবকরা গান বাজিয়ে আনন্দ ফূর্তি করতে থাকেন। এর একপর্যায়ে যুবকদের দু’পক্ষের মাঝে ঝগড়া-বিবাদ শুরু হয়।
এ সময় ফজলুল হক ও তার বন্ধু নাঈমের (২৮) উপর হামলা চালিয়ে মারধর করে এবং চাপাতি ও দা দিয়ে এলোপাথাড়ি কোপায় প্রতিপক্ষের যুবকরা। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে ঢাকার সিনসিন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ফজলুল হক মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আহত নাঈম মহানগরীর সদর থানাধীন ছোট দেওড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



