কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের বিয়েবাড়িতে নাচগান ও আনন্দ উল্লাস করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার রাত ১০টায় বরপক্ষ গাইবান্ধা থেকে কুড়িগ্রাম শহরের পুরাতন রেলস্টেশন পাড়া এলাকার সুমন বাস্ফরের মেয়ে অন্তরা রানী বাস্ফরের বাড়িতে আসে। রাতে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর সোমবার সকালে বরপক্ষকে বিদায়ের আনুষ্ঠানিকতা চলার সময় দুইপক্ষের কিছু যুবক মদ খেয়ে নাচগান করার সময় বরপক্ষের সাথে কনেপক্ষের একজনের গায়ে ধাক্কা লাগলে বাগি¦তণ্ডার সৃষ্টি হয়। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। এতে বরের ছোট ভাইসহ তিনজন আহত হয়। বিয়েবাড়ির লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর কিছুক্ষণ পর বিয়েবাড়ির অদূরে বরপক্ষের কয়েকজন লোক অবস্থান করার সময় অতর্কিত এক যুবক এসে কিশোর রাহুল বাস্ফরকে (১৮) ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত কিশোর রাহুল বাস্ফর গাইবান্ধা সদর উপজেলার কাচারি বাজার এলাকার প্রদীপ বাস্ফরের ছেলে। নিহত কিশোর বরের খালাতো ভাই।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, লাশ ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।



