ঝালকাঠির রাজাপুরে মায়ের সাথে মাদরাসায় যাওয়ার সময় ইটভাটার ট্রলির চাপায় তাসমিয়া আক্তার মিম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাসমিয়া দক্ষিণ আদাখোলা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে। সে উত্তমপুর নূরানী মাদরাসার ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে মেয়ে মিম ও দেবরের মেয়ে ঝুমাকে নিয়ে উত্তরপুর মাদরাসায় যাচ্ছিলেন মা জাহানারা বেগম। পথে উত্তমপুর বাজার এলাকায় স্থানীয় ইটভাটা থেকে আসা একটি ট্রলি দেখে মা মেয়েদের হাতে ধরে পাশে যান। কিন্তু এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রলি তাসমিয়াকে চাপা দেয়। মায়ের হাত ধরে থেকেও রক্ষা পায়নি শিশুটি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে মারা যায় শিশু তাসমিয়া।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়।



