নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ আদেশ দেন। পলাতক কোবরা বাবুল শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়া বিশ্বাসের ছেলে। এ ছাড়া অপর দুই আসামি মাসুম ওরফে গ্রিল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৮ আগস্ট শহরের ভওয়াখালী এলাকায় কোবরা বাবুলের বাড়িতে অস্ত্র বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কোবরা বাবুল ও গ্রিল মাসুমকে আটক করে পুলিশ। কোবরা বাবুলের কোমর থেকে ম্যাগাজিনসহ ছয় রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া তার ঘর থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন।



