গাজীপুরের শ্রীপুরে এক ভয়াবহ আগুনে বসত বাড়ির ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামের (মাওনা সিএনজি পাম্প) সংলগ্ন এনামুল সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির মালিক এনামুল সরকার জানান, তার ভাড়া ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরো ৯টি কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে মাওনা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কিন্তু ততক্ষণে আগুনে বাড়ির ১০টি কক্ষ পুড়ে যায়। পুড়ে যাওয়া ওইসব কক্ষে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। ঘটনার সময় তারা কারখানায় কাজে থাকায় বড় কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।



