রাজবাড়ীর কালিকাপুরের কালুখালী গ্রামের পাঁচ সন্তানের জনক হাবিল ফকির। এর আগে একে একে দুর্ঘটনায় হারিয়েছেন চার সন্তানকে। দুই বছরর শিশু ইয়াছিন ফকিরই কেবল বেঁচে ছিল। এবার ট্রেনের ধাক্কায় সেও চলে গেলো না ফেরার দেশে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কালিকাপুর ইউপির কালিকাপুর গ্রামে এ
দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিনের মা রেললাইন সংলগ্ন নিজ বাড়ির পাশে ঘাস কাটছিলেন। এ সময় শিশুটি রেললাইনের পাশেই ঘুরাঘুরি করছিল। হঠাৎ ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চলে এলে চলন্ত ট্রেনের ধাক্কায় ইয়াছিন ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে হাবিল ফকিরের চারটি সন্তান বিভিন্ন দুর্ঘটনায় মারা যায়। ইয়াছিন ছিল তার পঞ্চম সন্তান। আজ সেই সন্তানটির প্রাণও গেলো এক দুর্ঘটনায়।

এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি মর্মান্তিক।