ঢাকার ধামরাইয়ে একটি তুলার গোডাউনে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকাল ৯টার দিকে ধানতারা বাজারে একটি তুলার গোডাউনে কাজ করার সময় মেশিনের ঘর্ষণে আগুন লেগে যায়। পরে ওই আগুনে গোডাউনে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে জানমালের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
তুলার গোডাউনের মালিক বদর উদ্দিন বলেন, গোডাউনের তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে কর্মরত কোনো শ্রমিক বা পাশের দোকানের ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, সকাল ৯ টার দিকে আগুনের ঘটনা ঘটে। এটা জানার পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। প্রায় দু’ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।






