দেবিদ্বারে নির্বাচনপরবর্তী সহিংসতায় উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষে আহত নুরুল আলম নামের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দীর্ঘ ২৯ দিন মৃত্যুর প্রহর গুনে অবশেষে গত মঙ্গলবার রাত সোয়া ১টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুর সংবাদে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত মো: নুরুল আলম (২৫) শিবপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। পেশায় একজন সিএনজিচালক ছিলেন। গতকাল বাদ এশা নিজ গ্রাম শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি দেবিদ্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনের দু’দিন পর ফুটবল প্রতীকের বিজয়ী প্রার্থী আনোয়ার হোসেন তার বিজয় মিছিলটি নিয়ে পরাজিত মোরগ প্রতীকের প্রার্থী আবুল কালামের বাড়ির উপর দিয়ে যাওয়ার পথে কথাকাটাকাটি, হাতাহাতির একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে লাঠি, রড, ছোরা, রাম দা নিয়ে সংঘর্ষের শুরু হয়। দেবিদ্বার থানার ওসি মো: আরিফুর রহমান বলেন, এ ঘটনায় দুই পক্ষের দু’টি মামলা হয়েছে।



