চুয়াডাঙ্গায় ঋণগ্রস্ত হয়ে ইনছান আলী (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৯ মার্চ) তিনি মারা যান। ইনছান আলী বিকেলে বিষপান করলে তার পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়। কিন্তু সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইনছান আলী দর্শনা থানাধীন হিজলগাড়ী গ্রামের ফার্মপাড়ার শমসের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গরু ব্যবসায়ী ইনসান আলী কয়েক বছর আগে গ্রামের পরিচিতদের কাছ থেকে গরু নিয়ে ঢাকায় বিক্রি করেন। ঢাকায় গরু বিক্রি করে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও সে যাত্রায় মোটা অংকের টাকা লোকশান হয় তার। এই ঋণের বোঝা দীর্ঘদিন যাবত বহন করছেন তিনি। পাওনাদারদের পীড়াপীড়ি ও চাপ সৃষ্টি সত্ত্বেও টাকা পরিশোধ করতে পারেননি ইনসান। তাই ঋণের বোঝা মাথায় নিয়ে বুধবার বিকেলে বাড়ির পেছনের আমবাগানে বিষপান করেন তিনি।
পরে পরিবারের সদস্যরা বিষপানের বিষয়টি জানতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে হিজলগাড়ি বাজারের বাশার নামের একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: নুরজাহান রুমি বলেন, ‘সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনেন। তাদের কাছ থেকে জানতে পারি তিনি বিষপান করেছেন। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির বলেন, ‘দর্শনা থানাধীন হিজলগাড়ি গ্রামে ঋণগ্রস্ত হয়ে ইনছান আলী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পারি। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ রাতে পরিবারের সদস্যদের নিকট হস্তাস্তর করা হয়।’



