কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মোনা (২২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কামিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোনা মেহেরপুর সদর উপজেলার পৌর এলাকার কাসসপ পাড়ার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নসিমন উল্টে ঘটনাস্থলেই যাত্রী মোনার মৃত্যু হয়।
নসিমনের অপর যাত্রী ইনসান আলী খোকন বলেন, সকালে নসিমনযোগে আমরা ছয়জন পোড়াদহ কাপড়ের হাটে যাচ্ছিলাম। ঘটনাস্থলে ব্রিজের সামনে সড়কে গর্ত থাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা হাসপাতালে আসি। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক ডা: যুবায়ের ইবনে রাকিব মোনাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



