গোপালগঞ্জের কাশিয়ানীতে বাঁশঝাড় থেকে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রবিউল শেখ চর পদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।

নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানান, বুধবার সন্ধ্যায় তার স্বামীর খালাতো ভাই বাঘিয়া গ্রামের কোবাদ শেখ ফোন করে তাকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই রবিউল শেখ নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার আর সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার সকালে বলরাম বিশ্বাসের বাঁশঝাড়ের মধ্যে রবিউল শেখের লাশ পড়ে থাকতে দেখে এক কৃষক বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে তার লাশ শনাক্ত করে।

এলাকাবাসী জানায়, ২০২০ সালে ফোনে ডেকে নেয়া কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হন। এ ঘটনায় আপন খালাতো ভাই রবিউল শেখ ও তার ভাইদের আসামি করে মামলা হয়। ওই মামলা এখনো আদালতে বিচারাধীন। এর মধ্যেই রবিউল দুর্বৃত্তদের হাতে নিহত হলেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।