গাজীপুরে চালককে হত্যা অটোঅটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার তিন বছর পর হত্যায় জড়িত একজনকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার রাতে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ওই আসামির নাম মো: স্বপন (২৮)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, মামলায় গ্রেফতার হওয়া আসামি স্বপন ২০১৯ সালের ২৪ মার্চ বিকেলে তার সহযোগীদের নিয়ে অটোরিকশার চালক রবিউলকে জুসের সাথে নেশা জাতীয় ঔষধ মিশিয়ে খাওয়ান এবং উক্ত জুস খাওয়ানোর পর অজ্ঞান অবস্থায় মিরের বাজার থেকে গাউছিয়া রোডের বাম পাশে বিন্দান নামক স্থানে জহিরুলের দোকানের পেছনে কচুরী পানার মধ্যে ডোবার পানিতে ফেলে দেন তাকে। পরে তারা রবিউলের অটোরিকশা নিয়ে চলে যান।

ওই বছর ১৩ এপ্রিল ওই স্থান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম ১৫ এপ্রিল পুবাইল থানায় মামলা দায়ের করেন।

মামলাটি পিবিআই তদন্তের পর বুধবার রাতে আসামি স্বপনকে গ্রেফতার করা হলো। বৃহস্পতিবার স্বপনকে গাজীপুর আদালতে পাঠানো হলে তিনি ঘটনার সাথে জড়িত অপর আসামিদের নাম উল্লেখ করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

হত্যার সাথে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান।