কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শ্রীমঙ্গল থেকে সৈয়দপুর হয়ে অন্যত্র চা পাতার প্যাকেটের সাথে ১০ কেজি গাঁজা পাচারকালে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৮টায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা: জিকরুল হক রোডস্থ এসএ পরিবহন পার্সেল কাউন্টারের সামনে এই ঘটনা ঘটেছে। আটক যুবকের নাম হাবিব (৩২)। তিনি দিনাজপুরের খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

জানা যায়, সুদূর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে বুকিংকৃত পার্সেলে একটি প্লাস্টিকের বস্তায় চা পাতার সাথে ১০ কেজি গাঁজা আসছে সৈয়দপুরে - এমন গোপন খবরের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৭টা থেকে সিভিল ড্রেসে সৈয়দপুর শহরের জামে মসজিদ, জসিম বিল্ডিং ও প্রেসক্লাব এলাকায় অবস্থান নেয় র‌্যাব-১৩-এর আভিযানিক দলের সদস্যরা।

রাত ৮টার দিকে ওই পার্সেল নিয়ে সটকে পড়ার সময় এসএ পরিবহন পার্সেল কাউন্টারের সামনে যুবককে বস্তাসহ ঘিরে ফেলে তল্লাশি করলে দেখা যায়, চা পাতার ৫ কেজি ওজনের ১৩টি প্যাকেট দিয়ে ঢেকে ভিতরে গাঁজা পাচার করা হচ্ছিল। উদ্ধার ওই গাঁজার ওজন ১০ কেজি। যার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৩ রংপুরের এসআই তাজউদ্দিন আহমেদ। তিনি জানান, জব্দকৃত গাঁজা ও চা পাতাসহ আটক যুবককে সৈয়দপুর থানায় হস্তান্তর করে মাদক মামলা দেয়া হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, গাঁজা পাচারকালে র‌্যাব কর্তৃক আটক যুবককে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।

সৈয়দপুর এস এ পরিবহনের ম্যানেজার মেহেদী হাসান মোবাইল ফোনে ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, পার্সেল ডেলিভারি নেয়ার পরে আটক করে। তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় চা পাতার প্যাকেটের আড়ালে গাঁজা পাওয়া যায়।