বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মো: আবু কালাম চৌকিদার (৫০) নামের এক ব্যক্তির কান কামড়ে নিয়েছেন তারই আপন শ্যালক।
শুক্রবার বিকেলে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পিটিয়ে আবু কালামের দুটি দাঁতও ভেঙ্গে দেয়া হয় এবং মারপিট করা হয় তার স্ত্রীকে।
আহত আবু কালাম উপজেলার পাওয়াপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু কালাম তার পৈত্রিক জমিতে লাগানো ধানে ওষুধ দিতে যাচ্ছিলেন। এ সময় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে তার ওপর শ্যালক রাসেল, শ্বশুর গনি ও আলমগীরসহ ৭-৮ জনের প্রতিপক্ষ দল পেছন থেকে হামলা করেন। তাদের বেধড়ক মারপিটে আবু কালামের দুটি দাঁত ভেঙ্গে যায় এবং শ্যালকের কামড়ে তার কান কাটা পড়ে।
এ সময় তার স্ত্রী শাহানা বেগম বাধা দিতে আসলে তাকেও মারধর করে আবু কালামে শ্বশুর-শ্যালক প্রতিপক্ষ। পরে স্থানীয়রা আবু কালাম ও তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালতলী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
আহত আবু কালামের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: আরিফ বলেন, আমার মামা রাসেলের সাথে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আমার বাবাকে তারা মাস্তান ভাড়া করে মারধর করে। এতে তার দাঁত ভেঙ্গে যায় ও কান কাটা পড়ে। একইসাথে তারা আমার মাকেও পিটিয়ে গুরুতর আহত করে।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে রাসেল বলেন, আবু কালামের জমিতে আমাদের গরু ঘাষ খেতে গেলে তারা আমাদের গরুকে বেধড়ক পেটায়। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে কালামের লোকজন আমাদের ওপর হামলা করে।
এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আহত আবু কালামের পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে। আ: গনী নামের একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



