চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দেয়ালচাপায় মনিরুল ইসলাম (৫১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কালিদাসপুর গ্রামে জয়নাল আবেদীনের পুরাতন রাইস মিলের ভবন ভাঙার কাজে যান মনিরুল ইসলাম। ভবন ভাঙার একপর্যায়ে রাইস মিলের দেয়াল ধ্বসে যায়। এ সময় দেয়ালের নিচে চাপা পড়েন তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।