পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টায় দুমকি বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বায়জিদ (১৫), হিরা হাওলাদার (২০) ও মো. ইউসুফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেলে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় রওনা দেয়। এ সময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের পেছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী পিক আপ এবং বিপরীত দিক থেকে আসা হিরা, মানিক ও বায়েজিদের বহনকারী মোটরসাইকেলের সাথে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু। পরে বরিশাল নেয়ার পথে ইউসুফ ও হিরার মৃত্যু হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাসবোঝাই পিকআপভ্যান বাউফলের দিকে যাচ্ছিল। অপরদিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরদী এলাকা অতিক্রমকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া বরিশাল শেরে বাংলা মিডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দু’জন মারা যান।

তিনি আরো জানান এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপসহ ড্রাইভার জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, নিহতদের মধ্যে একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দু’জনের লাশ বরিশাল থেকে নিয়ে আসা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।