মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় আল আমিন বিশ্বাস ও বায়েজিদ হোসেন নামে দু’জন নিহত ও একজন আহত হয়েছে।

নিহত বায়েজিদ মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হাসেম মন্ডলের ছেলে ও আল আমিন নড়াইল জেলার লোহাগাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

শনিবার দুপুরে মাগুরা-মহম্মদপুর আঞ্চলিক সড়কের বেথুলিয়া গ্রামে বাসের ধাক্কায় আল আমিন ও আরিফ নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যায়। আহত আরিফ হোসেন একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

অপর দিকে বিকেল ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকায় বাসের ধাক্কায় বায়েজিদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মাগুরা সদর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন পৃথক সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ দুটি পরিবারের কাছে হস্তানন্তর করা হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।