বাগেরহাট জেলার ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় শ্বাশত রায় (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে ফকিরহাটের বালইয়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্বাশত রায় বাগেরহাট জেলার মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের সুখেন্দ্র রায়ের ছেলে। সে বাগেরহাটে ট্রেইন রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা দিয়ে ফিরছিল।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী জানান, শ্বাশত রায় মোটরসাইকেল করে মোংলার দিকে আসছিল। দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কুকুরকে চাপা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী পিকআপের সাথে ধাক্কা খায়। এতে দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় সে। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।



