নওগাঁর মান্দায় ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে উল্টে গিয়ে আকাশ মন্ডল (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার বিকেল ৪টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কানারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ উপজেলার পরানপুর ইউনিয়নের জিওল গ্রামের লালচান মন্ডলের ছেলে। ঘাটকৈর মোড়ে জীবন কুন্ডুর ইটভাটার একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করতেন তিনি।

পুলিশ জানায়, ইটভাটা থেকে ট্রাক্টরে ইটবোঝাই করে চালক মামুনসহ শ্রমিক মারুফ ও আকাশ নিয়ামতপুরে যাচ্ছিলেন। পথে কানার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আকাশ নিহত হন। এ সময় ট্রাক্টরচালক মামুন ও আরেক শ্রমিক মারুফ পালিয়ে যান।

নিহত আকাশের স্বজনরা জানান, আকাশ প্রতিদিনের মতো সকালে ইটভাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। দুপুরে তিনি আর বাড়ি ফেরেননি। বিকেলে দুর্ঘটনায় তার মৃত্যুর সংবাদ জানা যায়।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আকাশের লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে দেয়া হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত আকাশের লাশ উদ্ধার করেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।