চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সাইফ আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের পীরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ আহমেদ ওই গ্রামের বিশ্বাসপাড়ার মৃত শরিফ আহমেদের ছেলে। সে নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মোটরসাইকেল চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে সাইফ নিহত হওয়ার খবর শুনেছি।

পরিবারের সদস্যরা বলেন, রোববার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হয় সাইফ। পরে জানতে পারি ওই গ্রামের পীরপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সাইফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: আহসানুল হক বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর সাইফকে মৃত ঘোষণা করা হয়েছে। সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।