বরগুনার বামনায় আবু সালাম (৫০) নামে এক পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নিহত আবু সালাম খিলকী পান ফেরি করে বিক্রি করতেন। তিনি উপজেলার মধ্য আমতলী গ্রামের মৃত্যু আবদুল আজিজের ছেলে। গত শনিবার সন্ধ্যায় নিহতের ভাই শুকুর মিয়া বাদি হয়ে বামনা থানায় প্রতিবেশী অভিযুক্ত কদম আলীর ছেলে আবদুল ওহাব আলীকে (৭০) প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
রোববার বিকেলে ওহাব আলীকে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ বিকেলে জমি নিয়ে বিরোধের জেরে আবু সালামের সাথে প্রতিবেশী ওহাব আলীর কথাকাটাকাটির একপর্যায়ে ওহাব আলী কোদাল দিয়ে সালামের মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার করেন। সেখানে আট দিন চিকিৎসার পর শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।
এ বিষয়ে বামনা থানার ওসি বশিরুল আলম বলেন, অভিযুক্তকে আমুয়া বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।