বাগেরহাটের চিতলমারীতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭২) নামের এক বৃদ্ধ ঘেরব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুই শ্রমিক। শনিবার রাতে চিতলমারী উপজেলার খিলিগাতি এলাকায় ঘেরের পাড়ে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। তাকে হত্যার পরে বাড়ি এসে তার স্ত্রী রমা মন্ডলকেও (৬০) বিদ্যুতের শক দিয়ে হত্যার চেষ্টা করে অপূর্ব মন্ডল (২৫) ও সুব্রত হালদার (৩২) নামের দুই শ্রমিক। বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। চিতলমারী থানা পুলিশ রোববার ভোররাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শৈলৈন্দ্রনাথ মন্ডল খিলগাতি গ্রামের মৃত মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে। তিন মেয়ে স্বামীর বাড়িতে থাকায় শৈলন্দ্রনাথ মন্ডল ও তার স্ত্রী বাড়িতে থাকতেন।
এ দিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে চিতলমারী উপজেলার বাখেরগঞ্জ বাজার থেকে অপূর্ব মন্ডল এবং রোববার সকালে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার থেকে সুব্রত হালদারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত অপূর্ব মন্ডলে বাবার নাম জ্যোতিশ মন্ডল এবং সুব্রত হালদারের বাবার নাম সুকেন্দ্র হালদার। তাদের দু’জনেরই বাড়ি মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী বটতলা গ্রামে। গেল বুধবার ফকিরহাট উপজেলার শ্রমিকের হাট থেকে ঘেরের কাজ করানোর জন্য ওই দুই শ্রমিককে বাড়িতে আনেন শৈলেন্দ্রনাথ মন্ডল।
চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এর সাথে অন্য কোনো ঘটনা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।