চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় দুই আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মাইজপাড়া আছিয়র পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, খাগরিয়ার মজিদার পাড়ার মৃত ইউছুপের ছেলে আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম (৩৫) ও একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে খাগরিয়ার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হক প্রং নুরু (৫৫)।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আকতারসহ চারজনকে আটক করে।

এ ব্যাপারে খাগরিয়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেন জানান, নৌকার পক্ষে নির্বাচনে কাজ করায় এবং দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথির উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সাক্ষী হওয়ায় সোমবার দুপুরে আওয়ামী লীগ নেতা নুরু ও শহিদের উপর ক্ষিপ্ত হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: জসিম উদ্দিনের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে রিকশাযোগে ভোরবাজার ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে মাইজপাড়া আছিয়র পুকুরপাড় এলাকায় পৌঁছলে তাদের উপর হামলা চালায়। এ সময় তারা দু’জন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত শহিদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনায় জড়িত আকতারসহ চারজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।