নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুস ছাত্তার (৬০) ও খোরশেদ সরদার (৪৫) নামে দুজন নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার শেষ সীমানা চৌদ্দমাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবদুস ছাত্তার উপজেলার তেঁতুলিয়া ইউপির শিমুলিয়া পূর্ব পাড়া গ্রামের নেকু সরদারের ছেলে। তিনি একজন ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী। আর খোরশেদ সরদার পাশের বাংড়া গ্রামের লসের আলীর ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুস ছাত্তার একজন কাপড় ব্যবসায়ী। সকাল সাড়ে ৮টার দিকে চোদ্দমাইল এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করছিলেন তিনি। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ব্যবসায়ী আবদুস ছাত্তার এবং তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী খোরশেদ সরদার রাস্তায় ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই আবদুস ছাত্তার নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার সময় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে আব্দুস সাত্তারের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।