খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় শুভ’র মৃত্যুর ৪ মাস ৯ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার উপজেলার চাঁদখালী ইউনিয়ানের গজালিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব ও পাইকগাছা থানা পুলিশের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়।
প্রসঙ্গত, গত ২০২১ সালের ১৯ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পাইকগাছার গজালিয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে শুভ উপজেলার চারাবট তলা নামক স্থানে ট্রাক চাপায় গুরুতর আহত হয়। এ সময় থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর দীর্ঘ প্রায় ১১ মাস হাসপাতালে চিকিৎসা শেষে গত ২১ সালের ৭ নভেম্বর তার মৃত্যু হয়।
এদিকে শুভ’র সড়ক দুর্ঘটনাটি পূর্ব-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তার পিতা গোলাম রব্বানী বাদী হয়ে ২০২১ সালের ২৪ নভেম্বর ট্রাকচালক আনিচুর রহমান ও তার স্ত্রী শিরিনা আক্তারকে আসামি করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত ২ ডিসেম্বর শুনানি শেষে মামলটি আমলে নিয়ে এজাহার গ্রহণের জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেয়।
গত ১০ ফেব্রুয়ারি বাদী পক্ষের আইনজীবী শুভ’র লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করলে আদালত লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেয়।
এ ব্যাপারে মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক তাকবির হোসেন জানান, একজন নির্বাহী ম্যজিস্ট্রেট নিয়োগ চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট’র নিকট আবেদন করলে বুধবার (১৬ মার্চ) সকালে মৃতের লাশ উত্তোলন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।



