চুয়াডাঙ্গা পৌর এলাকায় বাড়িতে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধার করা হয়েছে ৬২৮ লিটার সয়াবিন তেল। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে এই অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা সদরের ইউএনও শামীম ভূঁইয়া বলেন, দেশে সয়াবিন তেলের কোনো সঙ্কট নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় ব্যবসায়ী গোলাম রসুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উদ্ধার করা হয় ৬২৮ লিটার সয়াবিন তেল। গোলাম রসুল চুয়াডাঙ্গা নিচের বাজারের মেসার্স গোলাম স্টোরের স্বত্বাধিকারী। বর্তমানে তার ছেলে রুবেল হোসেন ওই দোকান পরিচালনা করেন। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করাসহ সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, মজুদকৃত ৬২৮ লিটার সয়াবিন তেল বিক্রির জন্য তার দোকানে পাঠিয়ে দেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন উপপরিদর্শক গোপাল চন্দ্রের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।



