ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৭টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলার আমির ও জেলার সূরা সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাওলানা গওহর আলী, শহর সভাপতি শরফুদ্দীন খান ও সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের কারণে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। বিশেষ করে ভোজ্যতেলসহ নিত্যপণ্য কিনতে গিয়ে দিশেহারা সাধারণ মানুষ। খেটে খাওয়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ অনেকটা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অনেকটা নীরব দুর্ভিক্ষে পড়েছে। তারা না পারছে সামাল দিতে, না পারছে হাত পাততে। ফলে চরম অসহায়ত্বে নিপতিত তারা।
এই দুর্বিসহ পরিস্থিতি থেকে আশু পরিত্রাণের জন্য দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। নয়তো জনতার পিঠ দেয়ালে ঠেকলে তারা রুখে দাঁড়াবেই। জুলুম নির্যাতন করে কেউই কখনো শেষরক্ষা পায়নি, আগামিতেও পাবে না। তাই জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থেকে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক পর্যায়ে আনতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে সিন্ডিকেটের লাগাম টেনে ধরুন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের আলোকে আয়োজিত সৈয়দপুরের এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।



