প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নিজ জেলায় আয়োজনের দাবিতে মানবন্ধন করেছে গোপালগঞ্জের সাধারণ পরীক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় স্থানীয় যুবক-যুবতীদের মধ্যে হাসিবুল শেখ, নিকুঞ্জ বিশ্বাস, শিউলি কর্মকার, চন্দ্রা দাসসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমাদের মত বেকার যুবক-যুবতীদের পক্ষে ঢাকায় যাতায়াত খরচ, থাকা-খাওয়া খরচ বহন করা অসম্ভব। অনেক নারী পরীক্ষার্থী বিবাহিত। অনেকের ছোট সন্তান রয়েছে, অনেকে সন্তানসম্ভাবা থাকায় ঢাকায় গিয়ে পরীক্ষা দেয়া খুবই কষ্টকর। নিজ জেলায় পরীক্ষা হলে আমরা সকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। সরকারের কাছে দাবি, আমরা যেন নিজ জেলায় পরীক্ষা দিতে পারি।



