ঝালকাঠিতে আগুনে পুড়ে ছাই হয়েছে পাঁচটি দোকান। এতে অন্তত দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজারের মার্কেটে আগুন লাগার ঘটনাটি ঘটে।

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যেসব দোকান পুড়েছে, সেগুলো হলো- সঞ্জিবের কাপড়ের দোকান, মো: সাইদুল ইসলামের মুদি দোকান, মো: ইমান মাঝির মুদি দোকান, মো: বাদশা মিয়ার মুদি দোকান ও মনিরের হোটেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিকেরা প্রতিদিনের মতো শুক্রবার রাতেও দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। হঠাৎ রাত ১টার দিকে আগুন দেখতে পান তারা। পরে তাদের চিৎকারে মালিকেরা এসে দেখেন- তাদের প্রতিষ্ঠান আগুনে জ্বলছে। এ সময় মসজিদের মাইকে আগুনের কথা জানানো হলে স্থানীয়রাও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই এই পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল ঝালকাঠি জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে। যার কারণে ফায়ার সার্ভিস আসার আগেই দোকানগুলো পুড়ে যায়।

এ বিষয়ে ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন, বাজারের মূল সড়ক নবগ্রাম মডেল হাই স্কুল ভবন এবং নবগ্রাম ব্রিজের এপ্রোসের গাইড ওয়ালের মধ্যে দূরত্ব কম হওয়ায় ফায়ারের গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে বিকল্প সড়ক দিয়ে ঘুরে আসতে একটু সময় লেগেছ। ঘটনাস্থলে পৌঁছে আমরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি।