গাইবান্ধার সুন্দরগঞ্জে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল গনি মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে পুরাতন উপজেলা পরিষদ কার্যালয়ের গেটের সমানে রেজাউলের চায়ের দোকান থেকে গণিকে গ্রেফতার করা হয়।

গনি উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের আশরাফ আলীর ছেলে।

জানা গেছে, ওই গৃহবধূ শুক্রবার ধান ক্ষেতের আইল দিয়ে স্থানীয় রাস্তার মোড়ের মুদি দোকানে পান কিনতে যাচ্ছিল। এ সময় ওই আইলের ধারের ধানক্ষেতে কাজ করছিলেন আওয়ামী লীগ নেতা গনি। এক পর্যায়ে গনি ওই প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। তখন বুদ্ধি প্রতিবন্ধী ওই গৃহবধূর বড় সতীন আপত্তিকর অবস্থায় তাদেরকে দেখে ফেলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শনিবার গৃহবধূর স্বামী থানায় মামলা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, এলাকাবাসী ও গৃহবধূর স্বামী বিষয়টি তাকে জানিয়েছে। আগামী ২৪ মার্চ উপজেলা আওয়ামী লীগ কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকার কারণে ওই এলাকায় যাওয়া হয়নি।

থানার সেকেন্ড অফিসার এসআই রাফায়েত মিয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে আব্দুল গনিকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবন্ধী গৃহবধূর স্বামী থানায় নারী ও শিশু ধর্ষণ আইনে মামলা করেছেন।