মাগুরার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামে কুমার নদের চরে রসুনের ক্ষেতে একা পেয়ে প্রথমে ধর্ষণ, পরে ঘটনাটি ধামাচাপা দিতে গলাটিপে হত্যা করা হয় স্কুলছাত্রীকে। এরপরও মৃত্যু নিশ্চিত করতে লাশের গলায় ধারালো ব্লেড দিয়ে পোচ দেয় ধর্ষক।
উপজেলার শ্রীকোল ইউনিয়নে হাটশ্রীকোল গ্রামের আলোচিত স্কুলশিক্ষার্থী হত্যার প্রধান আসামি হাসান হত্যাকাণ্ডের এমনই লোমহর্ষক বর্ণনা দিয়েছে। রোববার হাসানকে গ্রেফতার ও তার দেয়া বর্ণনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেন র্যাব-৬-এর কোম্পানি প্রধান লে: কমান্ডার এম নাজিউর রহমান।
এই ঘটনায় র্যাব জানায়, ঘটনার পর থেকে র্যাব-৬ তদন্ত শুরু করে। নজরদারী বৃদ্ধিসহ মৃত্যুর কারণ উদঘাটনে ছায়াতদন্ত শুরু করে। হত্যার ঘটনার পরের দিন ১৯ তারিখ শনিবার একই গ্রামের মো: হাসান শেখ (২৩) নামের এক স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়। হাসান ওই গ্রামের মো: ফজলু শেখের ছেলে।
র্যাব-৬ জানায়, আসামি হাসান শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব স্বীকার করেছে। ধর্ষণের পর ধারলো ব্লেড দিয়ে গলা কেটে এই হত্যাকাণ্ড ঘটায়। ঘটনা ছিলো তার পূর্বপরিকল্পিত। হত্যার ঘটনায় শ্রীপুর থানায় ১৯ মার্চ শনিবার একটি হত্যা মামলা করেন নিহতের বাবা। এতে মো: হাসানকে প্রধান ও একমাত্র আসামি হিসাবে দেখানো হয়। আসামি হাসান শেখ পেশায় নসিমনচালক। তার বাড়ি নিহতের বাড়ির কাছেই।
উপজেলার শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির পাশে কুমার নদের পাড়ের এক বাঁশ ঝাড়ে। সে সময় পুলিশ জানায়, তাকে কেউ খুন করেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছে। তবে তখন এ ঘটনায় কাউকে আটকের বিষয়ে জানায়নি মাগুরা জেলা পুলিশ। তখন থেকে বিষয়টি নিয়ে র্যাবসহ পিবিআই, সিআইডি তদন্ত শুরু করে।
আসামি গ্রেফতার বিষয়ে নিহতের বড়ভাই শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বলেন, তারা এ হত্যার সুষ্ঠু বিচার আশা করছেন।
এদিকে স্কুলছাত্রী হত্যাকারীর ফাঁসির দাবিতে শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন করে ওই স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বলেন, আমরা এ ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই দোষীদের। এ রকম মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি তখনই বন্ধ হবে যখন আসামির সর্বোচ্চ সাজা হবে।
ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাইদ বলেন, এ ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। আমাদের বিদ্যালয়ে সে মাত্র ভর্তি হয়েছে। তার স্বপ্ন, পরিবারের স্বপ্ন সব চুরমার হয়ে গেছে। আমরা ফাঁসি চাই আসামির।



