সিংগাইরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আবু সাইদ তালুকদার (৩৭) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

নিহত সাইদ রাজবাড়ী সদর থানার বানীবহ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এনজাল হক তালুকদারের ছেলে। এ দুর্ঘটনার পর প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে এ সড়কের জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর কাঁচামালের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষ‍দর্শীরা জানান, সকাল ১০টার দিকে মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকারের সাথে ঢাকাগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়রা প্রাইভেটকার ও চালক শেখ মো. রবিউল ইসলামকে (৫৮) আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক রবিউল সাতক্ষীরার শ‍্যামনগর উপজেলার হায়বাদপুর গ্রামের মৃত শেখ মাহাতাব উদ্দিনের ছেলে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল‍্যা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।