আসন্ন রমজান উপলক্ষে ভর্তুকিমূল্যে নিম্ম আয়ের এক কোটি পরিবারের মধ্যে টিসিবি পণ্য সরবরাহ কার্যক্রমের প্রথম দিনেই গাজীপুরে এসব সরকারি পণ্য কালোবাজারে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে গাজীপুর মহানগরের গাছা থানার মহর খান ওয়াকফ এস্টেট মার্কেটে (বোর্ডবাজার) বিক্রি হওয়া টিসিবির পণ্য উদ্ধার ও শাহীন নামে বাজারের একজন ব্যবসায়ীকে আটক করেছে জিএমপি গাছা থানা পুলিশ।
গাছা থানার এসআই মোশারফ হোসেন জানান, রোববার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বোর্ডবাজার সাব্বির-শাহীনের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় টিসিবির মোড়কযুক্ত ৩৭ বোতল তেল (৭৪ লিটার), ৩৭ প্যাকেট চিনি ও ৩৭ প্যাকেট ডাল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী শাহীন জানান, স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ডের টিসিবি ডিলারের কাছ থেকে তিনি এসব পণ্য কিনে নিয়েছেন।
এদিকে স্থানীয়রা জানান, টিসিবি’র নির্ধারিত কার্ডধারী অনেক পরিবার রোববার প্রথম দিনেই পণ্য না পেয়ে ফিরে গেছেন। আবার অনেক দ্ররিদ্র পরিবার বিনামূল্যে এসব পণ্য সরবরাহ হচ্ছে মনে করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে লাইন ধরেন। পরে ওয়ার্ড কাউন্সিলর মানবিক কারণে এসব হতদরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা দেন।
এ ব্যাপারে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত কার্ডধারীদেরকে টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সরবরাহ করতে দেখা গেছে। এতদসত্ত্বেও সকলের চোখ ফাঁকি দিয়ে কালোবাজারে পণ্য বিক্রি করে থাকলে সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত।
এ ব্যাপারে গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি পণ্য উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, আমরা বেশ কিছু পণ্য উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে আটক করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



