মাগুরায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ইসমাইল মৃধা নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

মেয়েটির মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, সোমবার সকালে মেয়েটির মা মাগুরা সদর থানায় মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের মেম্বর ইসমাইল মৃধাকে আসামি করে মামলা করেন।

অভিযোগ পাওয়ার পর সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মাগুরার আলমখালী এলাকা থেকে মৃধাকে গ্রেফতার করে। পরে আসামি ইসমাইল মৃধাকে আদালতের আদেশে জেলে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, চিকিৎসক কর্তৃক জন্ম সনদের ফটোকপি স্বাক্ষর করে স্কুলের উপবৃত্তি পাইয়ে দেয়ার কথা বলে এক ছাত্রীকে নিয়ে বাবুখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও পাচুড়িয়া গ্রামের ইসমাইল মৃধা রোববার মাগুরা সদর হাসপাতালে যান। সেখান থেকে মেয়েটিকে রিকশায় মাগুরা হাজি রোডের মাধ্যমিক শিক্ষা অফিস সংলগ্ন সেলিনা আক্তারের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির চিৎকার করায় তাকে ছেড়ে দেয়া হয়। মেয়েটি সেখান থেকে ফিরে এসে মায়ের কাছে সকল ঘটনা জানান। পরে মা মাগুরা সদর থানায় মামলা করেন।