পরিবারের ছোট ছেলে মাসুম, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করে নিজ এলাকায় শুরু করেছিলেন ব্যবসায়। বাবা তার বিয়ে দেবেন বলে নতুন ঘরের কাজ ধরেন। সেই ঘরের কাজে ব্যস্ত থাকাকালেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন তরুণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মাসুম (২৬)। তাই বাবার আহাজারি- ‘নতুন ঘর বানিয়ে এখন আর কী করবো আমি?’
সোমবার বিকেলে এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে।
নিহত মোস্তাফিজুর রহমান মাসুম বানিয়াগ্রাম বাজারের কাপড় ব্যবসায়ী ও উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত মাসুমের বাড়িতে নতুন ঘর নির্মাণের কাজ চলছিল। ঘরের নির্মাণ কাজে মোটরচালিত পানির পাম্পের মাধ্যমে পানি দেয়ার কাজ শেষ করে সুইচ অফ না করেই বিদ্যুতের তার হাতে নিয়ে বিদ্যুতের সংযুক্তস্থানে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় বানিয়াগ্রাম বাজার পার হওয়ার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বানিয়াগ্রাম রইসুল উলুম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ফেরদৌস আকন্দ জানান, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মাসুম একজন শিক্ষিত, সদালাপি ও ভালো মানের মানুষ ছিলেন। তার মৃত্যুতে ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মোস্তাফিজুর রহমান মাসুমের বাবা আব্দুল হেকমি বলেন, আমার দুই ছেলে ও তিন মেয়ে। মাসুম আমার পরিবারের ছোট ছেলে। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে সদ্য এমবিএ পাস করেছে। সে লেখাপড়ার পাশাপাশি বানিয়াগ্রাম বাজারে কাপড়ের ব্যবসা করত। তাকে বিয়ে করানোর জন্য বাড়িতে একটি নতুন ঘর নির্মাণের কাজ চলছে। এখন আমি ঘর বানিয়ে কী করব? তাকে হারিয়ে আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি।



