চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার হত্যা মামলার অন্যতম আসামি মো: সরোয়ার সালামকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার জানান, হত্যাকাণ্ডের পর সরোয়ার সালাম সাতকানিয়া থেকে গা-ঢাকা দিয়ে চট্টগ্রাম শহরে বসবাস শুরু করে। গত ১১ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়মিত বাসা পরিবর্তন করে বসবাস করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল আফসারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



