মামলার আধিক্য হ্রাস ও মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা পরিহারের লক্ষ্যে বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক গঠিত অধস্তন আদালত মনিটরিং কমিটি কুষ্টিয়ার আদালত পরিদর্শন করেছেন।

কুষ্টিয়া আদালত সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন গত ২০ মার্চ ও ২১ মার্চ কুষ্টিয়া জেলার আদালতসমূহ পরিদর্শন করেন।

এ সময় তিনি কুষ্টিয়া জেলার বিচারকদের সাথে ৫ বছর ও ১০ বছরের পুরাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করা, পুরাতন মামলা নিষ্পত্তিতে করণীয় ও বিচারপ্রার্থীদের কার্যকর বিচারিক সেবা প্রদানে নানান দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বারের সিনিয়র আইনজীবী, প্রসিকিউশন ও সরকারি কৌঁসুলিদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি কুষ্টিয়ার ডেপুটি কমিশনার, পুলিশ সুপার ও জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে সাক্ষী উপস্থাপন ও আনুষঙ্গিক বিষয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

আদালত পরিদর্শনকালে পুরাতন মামলার তালিকা অনুযায়ী নথি পর্যালোচনা করেন, উচ্চ আদালতের নির্দেশে স্থগিত মামলাগুলো নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। নবগঠিত মনিটরিং কমিটির এরূপ কার্যক্রম নিয়মিত চলতে থাকবে বলেও জানা গেছে।