কুষ্টিয়াতে যেন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর হার কমানোই যাচ্ছে না। কেউ অসাবধানতার বসে, কেউ সেলফি নেশাতে ট্রেনের ছাদ থেকে পড়ে, আবার কেউবা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

এদিকে জেলায় গত ৫ দিনে ট্রেনে কাটা পড়ে এনিয়ে তিনজনের মৃত্যু হলো।

জানা যায়, কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গড়াই নদীর রেলসেতুর নিচ থেকে নিহতের লাশ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

পরে ওই অজ্ঞাত নারীর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেসটি গড়াই নদীর রেলসেতুতে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে সেতুর নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।