নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ আলী (৪৫) নামে এক চা দোকানির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর সানাপাড়া গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার সকালে শোবার ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের ভাই রমজান আলী জানান, বিদ্যুৎ উপজেলা সদরের বাসস্ট্যান্ডে চায়ের দোকান দিয়ে সংসার পরিচালনা করতেন। পারিবারিক কলহের জেরে ভোরে তিনি আত্মহত্যা করেন।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, রাতে তারা স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ছাউনির বাঁশের সাথে তার স্বামীকে ঝুলতে দেখে তার লাশ নিচে নামিয়ে ফেলেন।
স্থানীয়রা অভিযোগ করেন, স্ত্রীর পরকিয়ার জেরে বিদ্যুতের মৃত্যু হয়েছে। একটি নিচু ও দুর্বল বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া যায় কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এছাড়া একই ঘরে থাকলেও স্বামীর ফাঁস দেয়ার সময় স্ত্রী জানতে না পারার বিষয়টিও রহস্যজনক বলে তারা মনে করেন।
নিহতের ভাই থানায় একটি ইউডি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেলাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।



