নওগাঁর মান্দায় শিশু শিক্ষার্থী ইউসুফ আলীকে (১২) নৃশংসভাবে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাবুল হোসেন বাবু (৩২) ও চকউলি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে নুরুল ইসলাম বাবু (২২)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, শিশু শিক্ষার্থী ইউসুফ আলীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। থানা হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত রোববার দুপুরে মা শিরিনা বেগমকে মুরগির মাংস রান্না করতে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় শিশু ইউসুফ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। এর ১৮ ঘণ্টা পর সোমবার সকাল ১০টার দিকে বাড়ি সংলগ্ন বুড়ির বিলে হাত বাঁধা অবস্থায় একটি ভুট্টার খেতে তার বিভৎস লাশ উদ্ধার করা হয়।