গাজীপুরের জয়দেবপুর থানাধীন একটি সংরক্ষিত গজারি বন থেকে এক পুরুষের পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে থানার বিমানগেট সংলগ্ন বনবিলাশ হোটেলের প্রায় ২০০ গজ পেছনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ কিংবা একটু কমবেশি হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে পোড়া ও অর্ধ গলিত অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয় টোকাইরা। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী জয়দেবপুর থানার এসআই মোহাম্মদ আব্দুল খালেক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি গত রাতের যে কোনো সময় অন্য কোথাও থেকে রাতের আঁধারে এনে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা এবং লাশের পরিচয় নিশ্চিহ্ন করতে বনের শুকনো ডালা-পাতা দিয়ে পুড়িয়ে পুরো শরীর বিকৃত করে দিয়েছে।