নওগাঁর মান্দায় ধানক্ষেতের আইল থেকে মঞ্জুরুল ইসলাম রিপন (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ওই তরুণ দোডাঙ্গী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে দোডাঙ্গী গ্রামের একটি ধানক্ষেতের পাশে রিপনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন বলেন, দোডাঙ্গী গ্রামে ওয়াজ-মাহফিল হচ্ছিল। রাত নয়টার দিকে সেখানে ওয়াজ-মাহফিল দেখার জন্য যায় মঞ্জুরুল ইসলাম রিপন। এরপর রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফিরে আসে। তারপর আবার রাত ১০টার দিকে ওয়াজ-মাহফিলে গিয়ে শেষ হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতের পাশে উপুর হয়ে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
তিনি বলেন, বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধানক্ষেতের পাশে মৃত অবস্থায় পড়ে ছিল রিপন। রিপন মৃগী রোগে আক্রান্ত ছিলো বলে জানা গেছে। তবে এ রোগে এত দূরে যাওয়ার কথাও না। মৃতের কানে হালকা একটু রক্তের দাগের চিহ্ন লেগে ছিল। বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



