নরসিংদীর মনোহরদীতে সুন্নতে খতনার দাওয়াত খেয়ে শিশুসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৩২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং ১৯ জনকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হন। অসুস্থদের মধ্যে বেশির ভাগই শিশু। বৃহস্পতিবার উপজেলার নলুয়া গ্রামের খলিল সরকারের বাড়ির জুয়েলের ছেলে মাহিনের সুন্নতে খতনা উপলক্ষে শতাধিক মেহমানকে দাওয়াত করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমদাদুল হক সোহেল বলেন, দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ার কারণে বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে ৩২ জন রোগী এসেছিলেন। তাদের মধ্যে ১৯ জনকে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, সবাই খাদ্যে বিষক্রিয়ার কারণে বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে এসেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।



