ঝালকাঠির রাজাপুরে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার সকালে শহরের স্কুল মার্কেট এলাকায় এ হামলার ঘটে।
অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগকর্মীরা। হামলায় আরো ৮-১০ জন ছাত্রদলকর্মী আহত হন। আহত কিরণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেয়ার পর ছাত্রদল নেতাকর্মীরা মিছিল সহকারে ফিরে আসার সময় স্কুল মার্কেট এলাকায় আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হামলার ঘটনা অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যস্ত ছিল। হামলার ঘটনা, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে। এ ব্যাপারে পুলিশের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



